বিচ্ছিন্ন হওয়ার পর উত্তর কোরিয়ার কিছু কিছু জায়গায় ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে দেশটির ওপর নজরদারি বৃদ্ধির কথা ঘোষণার পর সেখানকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের আগে নিরাপত্তা পরিষদে কেবল দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতো।
মাত্র কদিন আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই পিয়ংইয়ংকে সনি পিকচার্স কর্পোরেশনে সাইবার আক্রমণের জন্য অভিযুক্ত করে।
পিয়ংইয়ংয়ের এর বাসিন্দারা বলছেন, সোমবার দেশটিতে বছরের সবচেয়ে খারাপ ইন্টারনেট সংযোগ ছিল। এক পর্যায়ে তা পুরোপুরি ভেঙে পড়ে। তবে, ঠিক কি কারণে এমনটি হচ্ছে, তা কেউ নিশ্চিত নন।
বিশেষজ্ঞরা বলছেন কারিগরি ত্রুটির কারণে হতে পারে। তবে অনেকেরই আশংকা, হয়তো সনি পিকচার্স কর্পোরেশনে চালানো উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সোমবারই প্রথমবারের মত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, চীন ও রাশিয়া এ বিষয়ে ভোটদানে বিরত ছিল।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার বলেছেন, উত্তর কোরিয়াকে তার কর্মকা-ের জন্য জবাবদিহি করতে হবে।