দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা বিএনপির

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, দুদকের দায়ের করা দুই মামলায় খালেদা জিয়ার ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা আছে। তারপরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনি লড়াই চলবে। পাশাপাশি রাজপথে আন্দোলন করা হবে।
ফখরুল দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুটি দুর্নীতি মামলার একটিও আইনসম্মতভাবে চলতে পারে না। হীন রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা চালানো হচ্ছে। এর উদ্দেশ্য খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা।
খালেদা জিয়ার মামলার বিচারক বাসুদেব রায়কে বদলি করা ‘উদ্দেশ্যমূলক’ বলেও তিনি দাবি করেন।