একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহম্মদ কায়সারকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রায় ঘোষণার পরে মঙ্গলবার প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেছেন, এ রায় একটি বিরাট অর্জন। আমরা একাত্তরের বীরাঙ্গনা ও যুদ্ধ শিশুদের প্রতি এই রায় উৎসর্গ করছি।
প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, যুদ্ধ শিশুদের জন্য কমপেনসেশন স্কিম চালু ও তাদের পুনর্বাসনে রাষ্ট্রের ভূমিকা নেওয়া উচিত। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের প্রাপ্য সম্মান দেওয়া, সামাজিক নিরাপত্তার আওতায় আনা ও ক্ষতিপূরণের বিষয়টি মুক্তিযুদ্ধ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেখা উচিত।
এর আগে সৈয়দ মোহম্মদ কায়সারকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।