বিচার সঠিকভাবেই চলছে: আইনমন্ত্রী

 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পুরো বিচার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট। বিচার সঠিকভাবেই চলছে। মঙ্গলবার যুদ্ধপরাধীসৈয়দ মো‏হম্মদ কায়সারের রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আনিসুল হক বলেন, বিচার যখন শুরু হয়েছে, বিচার চলবে। একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের সবার বিচার হবে।
তিনি বলেন, সরকার চাইলেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য জামায়াতকে নিষিদ্ধ করা নয়। সংগঠন হিসেবে জামায়াতের যে ব্যক্তিরা একাত্তরে অপরাধ করেছে, তাদের বিচার করা।
আইনমন্ত্রী বলেন, একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত দলের বিচারের বিষয়ে জানুয়ারিতে মন্ত্রিসভায় একটি সংশোধনী বিল উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে পরবর্তী পদপে নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা রায় দ্রুত কার্যকর হোক। জনগণের প্রতিনিধি হিসেবে প্রত্যাশা, রায় কার্যকরে যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করতে যে যেখানে আছেন সেখান থেকে কাজ করবেন। 
এর আগে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।