নারীরা ইস্ত্রি করে বিদ্যুত্ ব্যয় বাড়ায়: টনি অ্যাবোট

 
 
 
 
‘কার্বন ট্যাক্স কমানোর মাধ্যমে নারীরা উপকৃত হবেন’ বলে সমালোচনার মুখে পরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। এ দিকে, মন্ত্রিসভার রদবদল তার সরকারের সংকটে থাকার কোনো লক্ষণ বহন করছে না বলে তিনি জানান। খবর এএফপি ও বিবিসির।
মন্ত্রিসভার রদবদলের পর নারীদের কল্যাণে তার সরকারের সবচেয়ে বড় অর্জন কি—এমন প্রশ্নের জবাবে টনি অ্যাবোট নাইন নেটওয়ার্ককে বলেন, কার্বন ট্যাক্স বাতিলের মাধ্যমে নারীরা উপকৃত হবেন। এর ফলে ইলেকট্রিসিটির খরচ কমবে। কারণ, নারীরা কাপড় ইস্ত্রির মাধ্যমে বিদ্যুত্ ব্যয় বাড়িয়ে দেন।
অ্যাবটের এ ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। বিরোধী নেতৃবৃন্দ বলছেন, এ মন্তব্য নারীদের প্রতি প্রাচীন দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।
সরকারের ব্যয়সংকোচন নীতির সমালোচনার জবাবে অ্যাবোট সেভেন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাত্কারে টনি অ্যাবোট বলেন, পরবর্তী বছরে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আরো কর্মসংস্থান সৃষ্টি, আরো পারিবারিক সমৃদ্ধি, যা অর্থনীতিকে শক্তিশালী করবে। আর তা করার জন্য বাজেটকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে।