নির্বাচনের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আইন অনুমোদন সিসির

 
 
 
 
 
 
নতুন করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আইন অনুমোদন করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। নতুন এই আইনের আওতায় পার্লামেন্টের মোট আসন সংখ্যা হবে ৫৬৭। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হবেন ৪২০, দলগত ১২০ এবং প্রেসিডেন্ট মনোনীত হবেন ২৭ জন সদস্য। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়, নতুন আইন অনুসারে মিসরকে ২৩৭টি প্রদেশে ভাগ করা হয়েছে। প্রতিটি প্রদেশে একটি করে আসন বরাদ্দ থাকবে। খবর সিনহুয়ার।
প্রেসিডেন্টের মুখপাত্র আলা ইউসেফ বলেন, নতুন আইনে ভোটারদের প্রতিনিধিত্ব করা হয়েছে।
এর আগে দেশটির নির্বাচন কমিশন জানায়, প্রদেশ সংক্রান্ত নতুন আইন বাস্তবায়নের পরই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল মিসর সফরে গেলে সিসি বলেন, ২০১৫ সালের মার্চের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ জুলাই নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন সিসি। সে সময় তিনি নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।