ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্যের জবাব জনগণকে সঙ্গে নিয়ে দেয়া হবে। বেগম খালেদা জিয়ার জোট গণতন্ত্রের শত্রু, ৫ জানুয়ারি এদেরকে রাজধানীতে ঢুকতে দেয়া হবে না। সেদিন আমরা দেখতে চাই কাদের পক্ষে দেশের জনগণ বেশি। স্বাধীনতার পক্ষের শক্তি না, স্বাধীনতা বিরোধীদের শক্তি।
মোফাজ্জল হোসেন মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ রাসেল শিশু সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
৫ জানুয়ারি বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনারা পাড়া-মহল্লায় সবাই সতর্ক থাকবেন। খোঁজ-খবর রাখবেন। কোনো দুস্কৃতিকারী, ষড়যন্ত্রকারী যেন কোনো বাসাবাড়িতে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করতে না পারে। রাস্তায় গাড়ী ভাঙ্গচুর করতে না পারে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া বারবার হরতাল দিয়ে, মায়াকান্না করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যার্থ হয়েছেন। ইনশাল্লাহ শত চেষ্টা করেন, রক্ষা করতে পারবেন না। বিচার আমরা শেষ করবোই।