বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছে। বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিকীর আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিলাহ এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিনকেও আসামি করা হয়েছে। তারা ঐ বক্তব্য সমর্থন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। আদালত তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ান জারি করে।
বাদী তার অভিযোগে, আসামিদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু বলে উল্লেখ করেছেন।
বাদীর অভিযোগ, তারেক রহমান জাতির জনককে দেশ ও জনগনের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে এ ধরণের বক্তব্য দিয়েছেন। অবমাননাকর এ বক্তব্য মানহানিকর। এ বক্তব্যে বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে তারেক রহমানসহ বিএনপির তিন নেতার বিরুদ্ধে ছাত্রলীগের মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদের জেলা ছাত্রদলের সভাপতি শামীল মোলা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নেতৃত্বে শহরের রেলগেইট এলাকা থেকে একটি ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।