‘স্পিকার শিরীন শারমিন বিশ্বে নারী ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত’

 
 
 
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ নির্বাহী কমিটির চেয়ার পার্সন নির্বাচিত হওয়ায় নারী বিশ্বের জন্য একটি গৌরবের বিষয় বলে মন্তব্য করেন বিজ্ঞজনেরা। তারা বলেন, স্পিকারের এই সম্মান বিশ্বে নারী ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’ মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থায় স্পিকার শিরীন শারমিনের সম্মানে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা। মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাগত বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম। আরও বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম।
ড. শিরীন শারমিন চৌধুরী তার পুরানো কার্যালয়ের দেয়া সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ সকল মহিমায় সমুজ্জ্বল। এ দেশের নারীর অগ্রযাত্রা বিশ্বে প্রশংসিত। এ অগ্রযাত্রা ধরে রাখতে সকলকে কাজ করে যেতে হবে।’
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্য দেশের নারীর অগ্রযাত্রা সম্ভব হয়েছে। তার সম্পর্কে যে মিথ্যাচার করে, সে ভাষাপ্রতিবন্ধী।’
সেলিনা হোসেন বলেন বলেন, ‘শিরীন শারমিন চৌধুরীর দক্ষতা-যোগ্যতায় এ অবস্থায় পৌঁছানো সকল নারীর অর্জন।’
সচিব তারিক-উল ইসলাম মন্ত্রণালয়ে থাকাকালীন স্পিকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে স্পিকারকে ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।