নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

পোশাক শ্রমিক নেতার ওপর আক্রমণ

 
চট্টগ্রামের আজিম গ্রুপের একটি কারখানার একাধিক শ্রমিকের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। গত ১০ নভেম্বর এ ঘটনাটি কারখানার ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। এতে দেখা যায়, একজন নারী শ্রমিক নেত্রীকে কিছু লোক মারধর করছে। ওই সময় একজন পুরুষ শ্রমিক নেতাকেও মাটিতে ফেলে দিয়ে কিল-ঘুষি মারা হয়। মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, এর তিন মাস আগে একই গ্রুপের অপর এক শ্রমিক নেত্রীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। এসব ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ওয়ার্কার্স রাইটস গ্রুপ এবং একটি ক্রেতা প্রতিষ্ঠান আলাদাভাবে তদন্ত করছে। এর জেরে ইতিমধ্যে দুটি ক্রেতা প্রতিষ্ঠান আজিম গ্রুপের কাছ থেকে তাদের পোশাক ক্রয় সাময়িক স্থগিত রেখেছে।
অবশ্য আজিম গ্রুপের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই শ্রমিক নেত্রীর সাবেক স্বামী এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। অন্যদিকে প্রতিষ্ঠানটির আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কারখানা এবং শিল্প এলাকার বাইরের ঘটনা। 
আজিম গ্রুপের প্রতিষ্ঠাতা সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। চট্টগ্রামে এ গ্রুপের ১২টি কারখানায় প্রায় ২৭ হাজার শ্রমিক রয়েছে।
এই ঘটনার পর ভিএফ কর্পোরেশন ও লি এনং ফুং আজিম গ্রুপের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক আপাতত স্থগিত করেছে। তাদের পক্ষ থেকে এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজীনা উদ্বেগের কথা জানিয়ে এ ঘটনার পরবর্তী পদক্ষেপে খেয়াল রাখা হচ্ছে বলে জানান।