ভারতের আসাম রাজ্যের দুই জেলায় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আদিবাসী সম্প্রদায়ের। রাজ্যের জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি) এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আসামজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসাম-ভুটান সীমান্ত সিল করে দেয়া হয়েছে। খবর এনডিটিভি, জিনিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।
আসামের পুলিশ জানিয়েছে, রাজ্যে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য্য জানিয়েছেন, জঙ্গিরা পাঁচটি ভিন্ন স্থানে হামলা চালায়। অন্য একটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা ৩৫ জন। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
এই হামলায় এ পর্যন্ত অাসাম-বাংলা সীমান্তের কোকরাঝাড়ের শেরফাংগুড়িতে ৮ জন ও ঢেকিয়াজুলিতে ৬ জন এবং অাসাম-অরুণাচল সীমান্তের শোনিতপুরে গ্রামের মইতালু বস্তিতে ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে ভূটান সীমান্তের উল্টাপানির সবলপাড়ায়ও হামলার খবর পাওয়া গেছে।
অাসামের মুখ্যমন্ত্রী এ ঘটনার তীব্র নিন্দা করেছেন।
ঘটনার পর অনর্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মানস ন্যাশনাল পার্ক ও নামেরি ন্যাশনাল পার্ক। ওই দুই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে তল্লাসি অভিযানে সেনা সহায়তা চেয়েছে অাসাম পুলিস।রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের।
এর আগেও একের পর এক এনডিএফবি জঙ্গি হানায় বারবার রক্তাক্ত হয়েছে অাসাম। তবে মঙ্গলবারের এই জঙ্গি হামলা সব কিছুকে ছাপিয়ে গেছে।