স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৭১তম বিএমএ লংকোর্স এবং ৪২তম বিশেষ কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
শেখ হাসিনা সদ্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আজ থেকে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের ওপর অর্পিত হল। ফলে এই দায়িত্ব পালনের জন্য আপনাকে সর্বদাই সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে সেনা সদস্যদের জীবনে প্রথম ও প্রধান ব্রত।
তিনি সেনা সদস্যদের উদ্দেশে বলেন, আপনাদেরকে নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের সেবা করতে হবে। এ কাজে কখনোই পিছ পা হবেন না।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বে এখন একটি প্রতিশ্রুতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের দেশ এখন জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চসংখ্যক সৈন্য পাঠিয়ে বিশ্বে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী এর আগে একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী প্রশিক্ষণে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সোর্ড অব অনার বিজয়ী ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন জানান ও পদক বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং বিএমএ কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর কবির তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রিবর্গ, উপদেষ্টাগণ, সংসদ সদস্যবর্গ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ উপস্থি ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লে. জেনারেল চৌধুরী হাসান সরওয়ারদী, জিওসি, ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, জেনারেল সাব্বির আহমেদ এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার তাকে অভ্যর্থনা জানান।