শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের আন্দোলন-কর্মসূচিতে কোনো সাড়া দেবে না। কেননা, আন্দোলনের নামে মানুষ হত্যা ও ধ্বংসাত্মক কর্মকান্ড আন্দোলনের আদর্শ হতে পারে না। বিএনপি-জামায়াত গত পাঁচ জানুয়ারীর জাতীয় নির্বাচন বানচালের নামে মানুষ হত্যা করে যেভাবে সহিংসতা করেছিল তা মনে করে দেশের মানুষ এখনো আঁতকে উঠে।
শিল্পমন্ত্রী বলেন, সেই বিভীষিকাময় সময়ের কথা মানুষ ভুলে যায়নি এবং তাই তাদের আন্দোলন কর্মসূচির সাথে দেশের মানুষের কোন সম্পৃক্ততা নেই।
বুধবার বিকেলে রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র পরিচালক মো. আবুল কাশেম ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস।