যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে ফের এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গত মঙ্গলবার সেন্ট লুইস শহরতলীর বার্কলের গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। ১৮ বছর বয়সী এই কৃষ্ণাঙ্গের নাম অ্যান্টনিও মার্টিন। প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর কাছেই গত আগষ্টে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়েছিল মাইকেল ব্রাউন নামের এক কৃষ্ণাঙ্গ। খবর বিবিসি ও রয়টার্সের।
সেন্ট লুইসের পুলিশ জানিয়েছে, অ্যান্টনিও মার্টিন পেট্রোল স্টেশনে হাত বন্দুক বের করে সেটি এক কর্মকর্তার দিকে তাক করায় আত্মরক্ষার্থে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বিকট শব্দও শোনা গেছে এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। পুলিশের মুখপাত্র ব্রায়ান শেলম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় এক পুলিশ কর্মকর্তা পেট্রোল স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় দুইজনকে দেখে তাদের দিকে এগিয়ে যান। এদের মধ্যে একজন পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশ ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। দ্বিতীয়জন এ সময় পালিয়ে যায়।