কেরালায় আরো এগার জনকে হিন্দু ধর্মে ধর্মান্তর

ভারতের কেরালা রাজ্যে আরো ১১ জনকে হিন্দু ধর্মে ধর্মান্তর করা হয়েছে। গতকাল বড়দিনে রাজ্যের আলাপ্পুজা জেলায় এই ধর্মান্তরের ঘটনা ঘটে। গত এক সপ্তাহে এই জেলায় দ্বিতীয়বারের মতো ধর্মান্তরের ঘটনা ঘটলো। এর আগে গত রবিবার জেলাটিতে ৩০ জনকে হিন্দু ধর্মে ধর্মান্তর করানো হয়। তবে রাজ্য সরকার এই ঘটনা থেকে দূরত্ব বজায় রাখছে। খবর এনডিটিভি’র।

ভারতের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে গতকাল কেশাভুরের একটি মন্দিরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের এক স্থানীয় নেতা জানিয়েছেন, এসব ব্যক্তির পূর্বপুরুষেরা কয়েক বছর আগে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। গতকাল তিনটি পরিবারের ১১ জন সদস্যকে ধর্মান্তরিত করা হয়। তবে এরা কোন ধর্মের ছিলেন তা জানা যায়নি। ১১ জনের মধ্যে তিনজন দম্পতি রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ওম্মেন চন্ডী গতকাল বলেছেন, কেরালায় কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে সেই রকম কোনো খবর আমাদের জানা নেই। আর আমরা সবসময় এই বিষয়ে থেকে দূরে থাকছি। যদি এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হয় তাহলে তা করা হবে। কিন্তু কেরালায় এখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। রাজ্য সরকার গত রবিবারের ধর্মান্তর বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, জোরপূর্বক কোনো ধর্মান্তরের ঘটনা ঘটেনি। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু বলেছিলেন, সরকারের কোনো ধর্ম নেই। এটা কেবল ব্যক্তির। কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। ভারতের বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ধর্মান্তরবিরোধী একটি আইন করার পরিকল্পনা করছে। চলতি মাসে ভারতের আগ্রা শহরে ২ শত মুসলিমকে হিন্দু ধর্মে গণধর্মান্তর করার খবর পাওয়া যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরঙ্গ দল এবং বিশ্বহিন্দু পরিষদের মতো উগ্র হিন্দু সংগঠনগুলো এ ধরনের কর্মসূচিকে ‘ঘর ওয়াপসি’, অর্থাত্ তাদের ভাষায় ‘ভারতের আদি বাসিন্দাদের’ মধ্যে যারা ‘বিপথগামী হয়ে অন্য ধর্মে চলে গিয়েছিল’ তাদের ‘ঘরে ফিরিয়ে আনার’ কর্মসূচি বলে অভিহিত করে থাকে।