গাজীপুরে ২৭ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতা হলে তার দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগের সভাপতি বলেন, জাতির পিতাকে অবমাননা ও কটাক্ষের প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গাজীপুরে ছাত্র-যুব-শ্রমিক বিভিন্ন পেশার মানুষ ইতিমধ্যে আমাদের বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেছে। বুধবার বকশীবাজার এলাকায় ছাত্রলীগের হামলা প্রসঙ্গে সোহাগ দাবি করেন, আমাদের ওপরই আগে আক্রমণ করা হয়েছে। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।