অচিরেই সরকারের পতন হবে: এম কে আনোয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন,  অচিরেই এই জালেম সরকারের পতন হবে। স্বাধীনতার সময় শহীদ জিয়ার ঘোষণায় যেভাবে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আজও মানুষ এই সরকারের শোষণ থেকে মুক্তি পেতে খালেদা জিয়ার ডাকের অপেক্ষা করছে। 
শুক্রবার হোমনায় তার বাসভবন চত্বরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকল ক্ষেত্রে অযোগ্য দলীয় লোকদের নিয়োগ দিয়ে জাতিকে মেধা শূন্য করা হচ্ছে। শিল্প, সাহিত্য, কল-কারখানাসহ সমস্ত ক্ষেত্রেই কোনো রকমে আওয়ামী লীগ, ছাত্রলীগের  নাম দেখাতে পারলেই কোয়ালিফিকেশন হয়ে গেল।  দেশের জন্য এ এক অশণি সংকেত। এমকে আনোয়ার বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। দেশ আজ লুটেরাদের হাতে পড়েছে। আওয়ামী লীগ, যুবলীগ নিজেরা নিজেদের গুলি করে মারছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অথচ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কথায় কথায় মামলা দেয়া হচ্ছে। রাস্তা-ঘাটে মানুষের জান মালের নিরাপত্তা নেই। ঘরেও নেই। সাংবাদিকদেরকেও ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে। যাতে তারা সত্য প্রকাশ করতে না পারে। 
উপজেলা ছাত্রদল সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সেক্রেটারি অ্যাড. আজিজুর রহমান মোল্লা, যুবদল সেক্রেটারি সাইফুল ইসলাম রাজা, ছাত্রনেতা অহিদ মোল্লা, সেলিম, শফিক, সালাহউদ্দিন প্রমুখ।