ইয়েমেনের গোয়েন্দা সংস্থার দ্বিতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপহরণ করেছে হাউথি বিদ্রোহীরা। দেশটির রাজধানী সানা থেকে স্থানীয় সময বৃহস্পতিবার তাকে অপহরণ করা হয়। খবর আল-জাজিরার।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, অস্ত্রধারী হাউথিরা বৃহস্পতিবার সকালে জেনারেল ইয়াহিয়া আল-মারানিকে তার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।
অন্য একটি সূত্র জানায়, প্রায় ২০ হাউথি যোদ্ধা মারানির বাড়িতে হামলা চালায়। এখনও তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
শিয়া-ভিত্তিক হাউথি সম্প্রদায়ের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের সানা প্রদেশে পাঁচ বছর পুলিশের গোয়েন্দা ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মারানি। ২০১২ সালে তাকে ইয়েমেনের গোয়েন্দা সংস্থার পরিচালক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। হাউথি বিদ্রোহীরা চলতি বছরের ২১ সেপ্টেম্বর সানার দখল নেয়।