শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট বিগত ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করে সাংবিধানিক শুন্যতার সৃস্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। এতে সফল না হলেও বিএনপি-জামায়াতের ২০ দলীয় জোট দেশকে অস্থিতিশীল করতে এখনো নানা ষড়যন্ত্র করছে।
এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে শুক্রবার রাঙ্গামাটিতে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক ‘এসএমই পণ্য মেলা’র উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সকালে জিমনেশিয়াম প্রাঙ্গনে বিশেষ এ মেলার উদ্বোধন করেন। এসময় মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বক্তব্য রাখবেন।
শিল্পমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের অপার সম্ভাবনা কাজে লাগাতে ও আলোকিত উদ্যোক্তা সৃষ্টি করতে এস এমই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলের প্রায় ৫০টি ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করছে।