চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। আগামীকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর উভয় দেশেই কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া আঞ্চলিক যোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে আলোচনায়। গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তিগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর চীনের প্রধানমন্ত্রী লি কেকিংয়ের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে চীনা প্রধানমন্ত্রীকে সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।