রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে গভীর পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদকে উদ্ধারে প্রাণান্তকর নানা চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। শুক্রবার গভীর রাত পর্যন্ত বিশেষ যন্ত্র ‘ক্যাচার’ পদ্ধতি দিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। শরিবার সকালে পাইপের ভিরত একটি বিশেষ খাঁচা ও সিসি ক্যামেরা নামানো হয়। তবে কোন চেষ্টাই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শিশুটি বন্ধুদের সঙ্গে খেলার এক পর্যায়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ের পরিত্যক্ত ওই পাইপে পড়ে যায়।
বাঁচিয়ে রাখার চেষ্টা :চার বছরের শিশু জিহাদ যেন ভয় না পায় সেজন্য উদ্ধার কাজের শুরুতেই পাইপের ভেতরে টর্চ লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে সেখানে বার বার অক্সিজেনও সরবরাহ করা হয় এবং শিশুটির খাওয়ার জন্য জুস পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।
দড়ি দিয়ে ওঠানোর চেষ্টা
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েকবার রশি দিয়ে উদ্ধারের চেষ্টা করেন। এ পদ্ধতিতে রশির সাথে বস্তা বেঁধে পাইপে ফেলানো হয়। শিশুটি বস্তায় ওঠে বসে থাকলে উপরে উঠানো যেত। পাইপের ভেতর রশি ফেলে অন্তত পাঁচবার শিশুটিকে তোলার চেষ্টা করা হয়েছে। তবে শিশুটি দুর্বল হয়ে পড়ায় কিছু দূর উপরে ওঠার পরে দড়িটি আবার ছেড়ে দেয়। ফলে এচেষ্টায় শেষ পর্যন্ত সফল হয়নি।
পাইপ তুলে উদ্ধারের চেষ্টা
দড়ি দিয়ে উঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ক্রেন দিয়ে পাইপটি তুলে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালানো হয়। ক্রেন দিয়ে দুই ইঞ্চি পাইপের প্রায় ৩০০ ফুটের পর্যন্ত ওঠানো হয়। পাইপ ওঠানো হলেও গর্তটি খুব চওড়া না হওয়ায় কাউকে নামিয়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নামার অনুমতি মেলেনি বশিরের:
বশির আহমেদ নামে ফায়ার সার্ভিস কর্মী শিশুটিকে উদ্ধারে পাইপের ভেতরে নামার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু পাইপ চিকন হওয়ার কারণে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাকে নামার অনুমতি দেয়নি। বশির আহমেদ এর আগে রানা প্লাজা ধ্বসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করেন।
‘ক্যাচার’ পদ্ধতি ব্যবহার
সর্বশেষ শিশুটিকে উদ্ধারে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেন। বিশেষজ্ঞ এ দল ‘ক্যাচার’ পদ্ধতির সহায়তা নেন। ‘ক্যাচার’ যন্ত্রের মাধ্যমে স্বয়ক্রিয়ভাবে শিশুটিকে উপরে উঠানো হবে। যন্ত্রের সাথে একটি ক্যামেরাও সংযুক্ত রয়েছে শিশুটির অবস্থান নির্ণয়ের জন্য। শনিবার সকাল পর্যন্ত এ চেষ্টা অব্যাহত রয়েছে।