গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করার আহবান স্পিকারের

 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মহান মুদ্ধিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের আদর্শকে ধারণ করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করতে  হবে। 
শনিবার সকালে নগরীর মহাখালীস্থ বৈশাখী ভবনে তিনি এ কথা বলেন।  
তিনি প্রধান অতিথি হিসেবে কেক কাটার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠামালার উদ্বোধন করেন।
তিনি আরো বলেন, প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষা ও নারীর ক্ষমতায়নকে সুসংহত করতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশন আজ ১০ম বর্ষে পদার্পণ করেছে। 
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন বলেন, বৈশাখী টেলিভিশন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্মত বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের মন কেড়েছে।
তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাথে প্রতিযোগিতা করে সৃষ্টিশীল অনুষ্ঠান তৈরী ও পরিচালনায় সুদৃঢ় অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে বৈশাখী টিভি তার বলিষ্ঠ ভূমিকাকে ধরে রেখে জনমত গঠন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর অধিকার সুরক্ষার মাধ্যমে সৃষ্টিশীল গণমাধ্যম হিসেবে সামনে এগিয়ে যাবে।
বৈশাখী টেলিভিশনের ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুলসহ বৈশাখী পরিবারের সদস্যবৃন্দ।