গণভোট থাকলে হরতালের প্রয়োজন হতো না: ড. আকবর আলি

 
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, গণভোটের ব্যবস্থা থাকলে হরতালের প্রয়োজন হতো না। 
শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ৫ম জাতীয় সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর আলি বলেন, দেশে গণতন্ত্রের জন্য আকুতি আন্দোলন চলছে। গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে কোনো বৈপরীত্য নেই। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না।
সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, দেশে বর্তমানে দলীয়করণ চলছে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা নেই। গাজীপুরের ব্যাপারে এটা আমরা দেখতে পেয়েছি।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, ২০১৪ সালের নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেয়া হয়েছে। নির্বাচন বয়কট করে কখনো কোনো রাজনৈতিক দল লাভবান হয়নি।
 সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- পুলিশের সাবেক আইজিপি শাহজাহান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।