ইয়াংগুনে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মত ভোট

 
মায়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াংগুনে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মত শনিবার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নগরীর আরো উন্নয়নের জন্য পরিবর্তনের আশা করছেন। খবর: বাসসের।
আগামী বছরের নভেম্বরে দেশটিতে ঐতিহাসিক জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে ইয়াংগুনের পৌরসভার এই নির্বাচনকে দেশের গণতান্ত্রিক পরিস্থিতির পরীক্ষা হিসেবে দেশে-বিদেশে ব্যাপক পর্যবেক্ষণে থাকবে।
মায়ানমারের আধা-বেসামরিক সরকারের অধীনে অনেকে ইয়াংগুন নগর উন্নয়ন কমিটির এ নির্বাচনে প্রথমবারের মত ভোট দানের সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, সন্ধ্যার আগ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সানচুয়াং এলাকার নির্বাচন পর্যবেক্ষণকারী কর্মকর্তা টিন সো বলেন, প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট গণনা করা হবে। তাছাড়া ভোটাররা চাইলে ভোট গণনার সময় থাকতে পারেন।