মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে যখন বাধ্য হয়েছে তখন হাওয়াই দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গলফ খেলছিলেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আর এ সংক্রান্ত ছবি প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন নাজিব রাজাক।
বন্যার পানি বেড়ে অন্তত পাঁচজন মারা গেছে। এছাড়া বন্যায় এখনো ক্ষতিগ্রস্ত হয়নি দেশটির দক্ষিণাঞ্চলীয় এমন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
দুর্গত মানুষের সহায়তায় সরকার পর্যাপ্ত সাড়া দেয়নি বলে অভিযোগ উঠেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা না করায়ও সমালোচনার মুখে পড়েছে সরকার। আর এ সময়ে হাওয়াই দ্বীপে ওবামার সঙ্গে নাজিব গলফ খেলার ছবি প্রকাশিত হয় তার সরকারি ফেসবুক পেইজে। তাতে দেশটিতে সরকারের সমালোচনা আরো তীব্রতর হয়েছে।
দেশটির উপপ্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন দাবি করেন, প্রধানমন্ত্রী অমানুষিক পরিশ্রম করেন তাই মানুষ হিসেবে তার প্রতি খানিকটা ন্যায়বিচার করা উচিত।
প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করছেন এ কথা উল্লেখ করে মালয়েশিয়াবাসীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।
দুর্গত এলাকায় জরুরি অবস্থা জারি না করার কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, বিদ্যুৎ বা পানি ব্যবস্থা পুরোপুরি অকেজো না হয়ে পড়লে বা লাখ লাখ মানুষকে সরিয়ে নেয়ার প্রয়োজন দেখা না দিলে জরুরি অবস্থা জারি করা হবে না। সূত্র: ওয়েবসাইট।