মাথায় আঘাত ও পানিতে ডুবে জিহাদের মৃত্যু

 
মাথায় আঘাত পেয়ে ও পানিতে ডুবে জিহাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক হাবিবুজ্জামান চৌধুরী। রবিবার জিহাদের ময়নাতদন্ত শেষে তিনি এই কথা বলেন।
হাবিবুজ্জমান চৌধুরীর ভাষ্যে, ‘পাম্পের পাইপে পড়ার দুই ঘণ্টা পরে জিহাদ মারা যায়।’
ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, চিকিৎসক এ কে এম শফিউজ্জামান ও প্রদীপ কুমার বিশ্বাস।
ময়নাতদন্ত শেষে জিহাদের লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবার বিকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠে খেলার সময় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যায় চার বছর বয়সী শিশু জিহাদ।  ক্যামেরা, ক্যাচার ঢুকিয়ে ও অন্যান্য যন্ত্রের সাহায্যে দীর্ঘ অভিযান চালায় ফায়ার সার্ভিস। তবে শনিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস অভিযান স্থগিত ঘোষণার করার পর স্বেচ্ছাসেবক কর্মীরা তাকে উদ্ধার করে। জিহাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।