গ্রীসের একটি ফেরি ইটালি যাওয়ার পথে আগুন লেগে দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৪৬৬ জন মানুষ ছাড়াও ২২২ টি গাড়ি ছিল। রবিবার স্থানীয় সময় সকাল ছয়টায় ফেরিতে আগুন লাগার ঘটনাটি ঘটে।
ফেরি থেকে লোকজনকে উদ্ধার করতে আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ১৩০ জন যাত্রীকে ফেরিটি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা।
ফেরিতে থাকা যাত্রীরা গ্রীসের টেলিভিশন চ্যানেলগুলোতে টেলিফোন করে নাটকীয় বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, ফেরিটি গ্রীসের পশ্চিমাঞ্চলীয় শহর প্যাট্রাস থেকে ইটালির অ্যানকোনা যাচ্ছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও স্থানীয় সময় সকাল ছয়টায় ফেরিটিতে আগুন লেগে যায়। ফেরিতে থাকা ক্রু'রা কিছু লাইফবোট নামাতে সক্ষম হলেও সবাইকে নিরাপদের ফেরিটি থেকে নামানো সম্ভব হয়নি। গ্রীসের কোস্ট গার্ড জানিয়েছে নরমান আটলান্টিকা নামের ফেরিটিতে ৫৫ জন ক্রু ও ৪১১ জন যাত্রী ছিল যাদের মধ্যে ১৩০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীদেরকে নিরাপদে উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে। সূত্র: রয়টার্স