যৌন নির্যাতনের শিকার বিমানের কেবিন ক্রু!

 
 
 
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক মহিলা কেবিন ক্রু সম্প্রতি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে লন্ডনের একটি হোটেলে। নাবিলা নামের ওই কেবিন ক্রু ইতিমধ্যে এ ব্যাপারে সুষ্ঠু বিচার চেয়ে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিমানের একজন পরিচালক নাবিলার জবানবন্দি নিয়েছেন। এ নিয়ে জাতীয় পতাকাবাহী এই সংস্থায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা রবিবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা যায়, বিমানের একটি নিয়মিত ফ্লাইট ঘটনার দিন ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পোঁছে। পরে ফ্লাইটের সংশ্লিষ্ট চিফ পার্সার দায়িত্বপালনকারী সকল কেবিন ক্রুকে নিয়ে বিমান বন্দরের কাছাকাছি সেন্ট জাইলস হোটেলে যান। একপর্যায়ে চিফ পার্সার অন্য কেবিন ক্রদের সাথে নাবিলাকে ঐ দিন ডিনারের আমন্ত্রণ জানান। ডিনারের আগে বিয়ার ও হুইস্কি পানেরও ব্যবস্থা ছিল। ডিনার শেষে খানিকটা বেসামাল ওই কেবিন ক্রকে একটি কক্ষে নিয়ে চিফ পার্সার যৌন নির্যাতনের চেষ্টা করেন। এরপর তাকে সিনহা নামক অপর এক কেবিন ক্রুর হাতে তুলে দেন। সিনহাও নাবিলাকে তার কক্ষে নিয়ে যৌন নির্যাতন চালান বলে অভিযোগে বলা হয়।
শুধু এটা করেই থামেননি তারা। উল্টো বিষয়টি কাউকে জানালে নাবিলাকে চাকুরিচ্যুত করার হুমকি দেয়া হয়। উপায় না পেয়ে নাবিলা গত বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা রবিবার ঘটনার সত্যতা স্বীকার করে ইত্তেফাককে  জানান, অভিযোগটি খুবই গুরুতর। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।