শিশু জিহাদকে জীবিত উদ্ধারের ঘটনায় সরকারি সংস্থাগুলোর ব্যর্থতা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। কমিটিতে জিহাদের মরদেহ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী লোকদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। আর ওই কমিটির সুপারিশের ভিত্তিতে জিহাদ উদ্ধারে গাফিলতিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে জিহাদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল রবিবার এই রিট দায়ের করেন।
এদিকে জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে জিহাদকে উদ্ধারকারী ৫ যুবককে রাষ্ট্রীয় সম্মাননা দিতে আবেদনে উল্লেখ করা হয়েছে। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দায়ের করেন। রিট আবেদনে গত ২ বছরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কি কি আধুনিক যন্ত্রপাতি কিনেছে তার একটি তালিকা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সারাদেশে যেসব ম্যানহোলের ঢাকনা, স্যুয়ারেজ লাইন ও পানির পাম্পের মুখ অরক্ষিত অবস্থায় রয়েছে তার একটি তালিকা দাখিল করার জন্য সরকারি সংশ্লিষ্ট সংস্থার প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। একইসঙ্গে জিহাদের পিতাকে আটকে পুলিশি হয়রানির ঘটনায় এক লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়।