বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণ যার যার অবস্থান থেকে ২০ দলীয় জোটের এ কর্মসূচিকে (হরতাল) সমর্থন দিচ্ছে। সরকারের দমন-পীড়নের মুখেও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে। অন্যদিনের চেয়ে আজকের কড়াভাবে হরতাল পালিত হচ্ছে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ির সংখ্যা তেমন নেই। দোকান-পাট, অফিস-আদালতে মানুষের যাতায়াতও তেমন নেই। এ থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন এ দেশের মানুষ কী পরিমাণে ২০ দলীয় জোটকে সমর্থন করছে।
সোমবার সকালে হরতালের সমর্থনে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন রিজভী। এ সময় কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে।