রূপালি জগতে প্রাচী দেশাইয়ের আগমন ছোট পর্দার মাধ্যমে। এরপর তারকা পরিচালক ফারহান আখতারের হাত ধরে বড় পর্দায় পা রাখেন তিনি। আর এখন তাকে দেখা যাবে সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনের স্ত্রীর চরিত্রে।
প্রাচী দেশাইকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে বালাজি প্রোডাকশনের ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’ চলচ্চিত্রে। সেখানে ইমরান হামশির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এবার দ্বিতীয়বারের মতো একই প্রোডাকশনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন প্রাচী। সেখানেও ইমরান হাশমির বিপরীতে দেখা যেতে পারে তাকে। মোহাম্মদ আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরিনের চরিত্রে অভিনয় করার কথা প্রাচী দেশাইয়ের।
১৯৮৭ সালে নওরিনকে বিয়ে করেছিলেন আজহারউদ্দিন। নয় বছরের সংসারে তাদের দুই ছেলে সন্তান হয়েছে-আসাদ ও আয়াজ। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর কিছুদিন পরই অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহার। ২০১১ সালে ১৯ বছর বয়সে মোটরসাইকেল দুর্ঘটনায় আয়াজ মারা যান।
প্রাচী জানিয়েছেন, আমি নওরিনের মতো না। একজন ক্রিকেটারের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কখনো লাইমলাইটে আসেননি।
তিনি বলেন, ‘এটা নিয়ে দ্বিতীয়বার মুসলিম নারী চরিত্রে অভিনয় করা হবে।’
প্রাচী বলেন, বায়োপিকের প্রস্তাব পাওয়ার আগে আমি আজাহারউদ্দিনের ক্রিকেট অথবা রাজনৈতিক কর্মজীবন অনুসরণ করিনি। আমি স্ক্রিপ্ট পড়েছি। শীগ্রই আমি নওরিনের সঙ্গে দেখা করব।
আরো একটি কথা শোনা যাচ্ছে যে, সঙ্গীতা বিজলানির চরিত্রে কারিনা কাপুর খানকে দেখা যেতে পারে। তবে আজহারউদ্দিনের বায়োপিকে অভিনয়ের জন্য ইমরান হাশমি ছাড়া আর অন্য কেউ এখনো স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন প্রাচী। সূত্র: মুম্বাই মিরর।