ছেলের জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে : নানক

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশবাসী বিএনপির কর্মসূচিকে প্রতিহত করেছে। লন্ডনে বসে অর্বাচীন, বেয়াদব তারেক রহমান যে উক্তি করেছেন, দেশবাসী তা মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এরই প্রতিবাদে তারা স্বপ্রণোদিতভাবে গর্জে উঠে গাজীপুরে খালেদা জিয়ার জনসভা করতে দেয়নি। ছেলের এই অপকর্মের জন্য খালেদা জিয়া ক্ষমা চাইলে জাতি তাকে ক্ষমা করতে পারে, সভা সমাবেশ করতে দিতে পারে।
সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
বিএনপি কখনোই জনগণের সঙ্গে ছিল না, এখনও নেই। আজকের হরতাল জনগণের স্বার্থে নয়। খালেদা জিয়া তার মামলা থেকে অব্যাহতি পেতে, যুদ্ধাপরাধীদের খুশি করতে এবং তার ছেলে তারেক রহমানের মামলাকে বাধাগ্রস্ত করার জন্য হরতাল দিয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিক্রিয়া জানাতেই এই সংবদা সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা শুধু মুখে বলে না, দলে গণতন্ত্রের চর্চা করে এবং অন্যের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে। বিএনপি যদি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, জনগণের জানমালের কোনো ক্ষতি না করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কথা থাকবে না।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবাহ সচল রয়েছে। এই প্রবাহকে বাধাগ্রস্থ করার জন্য কোনো কর্মসূচি দেওয়া হলে তা প্রতিহত করা হবে।
এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।