বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
দুদক সূত্র জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রথম অনুসন্ধান করেন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোরশেদ। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক এ অভিযোগ অনুসন্ধান করেন। তারা দুই জনই তাদের অনুসন্ধান প্রতিবেদনে অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করেন। কমিশন তাদের সুপারিশ অনুমোদন না করে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্র আরও জানায়, এসপি মিজানুর রহমানের মাতুয়াইল, রায়েরবাজার ও সাভারে তিনটি সার কারখানা রয়েছে। নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন তিনি। মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসা সংক্রান্ত যাবতীয় ব্যাংক এ্যাকাউন্ট তলব করা হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই যাবতীয় তথ্য দুদকের কাছে সরবরাহ করতে বলা হয়েছে। একই অভিযোগে এর আগেও তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।