সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি কমিশন এ সব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে দুদকের উপ-পরিচালক হামিদুল হাসানকে অনুসন্ধানকারী এবং পরিচালক নূর আহাম্মদকে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। তাদেরকে কমিশন থেকে দ্রুত অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে ব্যাংকের নিয়োগ দুর্নীতি, পুঁজি বাজার থেকে অবৈধভাবে অর্থ উত্তোলন, ব্যাংকের নিজস্ব বিল্ডিং ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ আদায়, নতুন বিল্ডিং নির্মাণের নামে ঋণ নেয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে ঋণ নেয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি ছাড়া ভবন নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুনির্দিষ্ট এ সব অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযোগ অনুসন্ধানে প্রিমিয়ার ব্যাংক থেকে কিছু কাগজপত্র আনা হয়েছে। নথিগুলো এখন পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।