অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন কখনও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশের পাঁচ জানুয়ারির নির্বাচনের বিষয়েও পক্ষে-বিপক্ষে চীন কোনো হস্তক্ষেপ করেনি কারণ এটি ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। গতকাল সোমবার সোনারগাঁও হোটেলে তার সঙ্গে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দেখা করতে গেলে তিনি তার দেশের এই অবস্থানের কথা জানান। বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

পাঁচ জানুয়ারির নির্বাচনের বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল চৌধুরী জানান, ওই নির্বাচন নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী নিজ থেকে কোনো কথা তুলেননি। আমরাই বরং বিষয়টি আলোচনা করেছি। কেন, কোন পরিস্থিতিতে আমরা (জাতীয় পার্টি-জাপা) নির্বাচনে অংশ নিয়েছি এবং নির্বাচনে অংশ না নিলে কি হতো-তা আমরা তাকে জানিয়েছি। বৈঠকে উপস্থিত থাকা বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ জানান, ওয়াং ই’র মনোভাবে মনে হয়েছে-বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে চীন কোনো আলোচনা করতেও আগ্রহী নয়।

তাজুল ইসলাম দাবি করেন, বাংলাদেশের রাজনীতিতে রওশন এরশাদের অবস্থান ভালো বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী।