বিয়ের একদিনের মাথায় অপহরণ মামলার আসামি হলেন চলচ্চিত্র অভিনেতা ও মডেল সাখাওয়াত হোসেন নিরব। গত ২৬ ডিসেম্বর রাতে নিরবের সঙ্গে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হয়। তবে বিয়ের খবরটি গোপন রাখেন তারা। সোমবার দুপুরের পর বিয়ের বিষয়টি ফলাও করে প্রচার করেন নিরব। নিরব এও দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আর সন্ধ্যার পর জানা গেল নিরবের বিরুদ্ধে তাশফিয়াকে অপহরণের অভিযোগে মামলা করেছেন তার বাবা।
সোমবার রাতে পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার শাহেদ ফেরদৌস বলেন, গত ২৭ ডিসেম্বর রাতে আবু তাহের চৌধুরী নামের এক ব্যক্তি উত্তরা মডেল থানায় অপহরণের মামলাটি করেন। আবু তাহের চৌধুরী তাশফিয়ার বাবা। পুলিশ কর্মকর্তা শাহেদ বলেন, অভিযোগপত্রে তিনি বলেছেন, তার মেয়ে তাশফিয়া তাহের চৌধুরীর সঙ্গে এক চিকিত্সকের বিয়ে ঠিক হয়েছিল। ২৭ ডিসেম্বর দুপুরে তাশফিয়া এক অনুষ্ঠানের জন্য সাজগোজ করতে উত্তরায় পার্সোনার শাখায় গেলে মডেল নিরব তাকে ফুসলিয়ে অপহরণ করেন।
উত্তরা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান বলেন, তাহেরের মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই নিরব যে মডেল নিরব, তা জানা ছিল না। এম এ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতার দম্পতির একমাত্র মেয়ে তাশফিয়াকে নিয়ে তারা রাজধানীর উত্তরায় বসবাস করতেন।