পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা মঙ্গলবার দু’টি প্রাথমিক বিদ্যালয় পুড়িয়ে দিয়েছে। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৫০ জন নিহত হওয়ার দুই সপ্তাহ পর এ ঘটনা ঘটলো। সেখানে অস্ত্রধারী তালেবান জঙ্গিদের হামলায় নিহতদের মধ্যে ১৩৪ জন ছিল শিশু।
মঙ্গলবার ভোর রাতের আগে পাকিস্তানের কুররাম উপজাতীয় এলাকার গ্রামের দু’টি বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। সেখানে তালেবান জঙ্গিরা সক্রিয় রয়েছে এবং শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা আমজাদ আলী খান এএফপিকে বলেন, হামলাকারীরা বিদ্যালয় দু’টিতে আসবাবপত্রে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। খান জানান, এতে বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও কাগজপত্র পুড়ে যায় এবং বিদ্যালয় ভবনের ক্ষতি হয়
।
কেউ তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও খান সর্বশেষ এ হামলার জন্য জঙ্গিদের দায়ী করেন। নারী শিক্ষার বিরোধী তালেবান অতীতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকশ’ স্কুলে বোমা মেরেছে এবং পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবারের হামলায় কেউ আহত হয়নি।বর্তমানে স্কুলগুলোতে শীতকালীন ছুটি চলছে।