‘বিএনপি এতিমের মত সংলাপের জন্য আওয়ামী লীগের দ্বারে ঘুরছে’

 
 
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, গাজীপুরে ছাত্রলীগের কর্মসূচিকে মোকাবেলা করার ক্ষমতা নেই বিএনপি’র। প্রতিবাদে হরতাল ডেকে জ্বালাও, পোড়াও এর মধ্য দিয়ে মানুষ মেরেছে বিএনপি। বাংলাদেশকে পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তারা। বিএনপিকে আজ মিডিয়া বাঁচিয়ে রেখেছে। 
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক বিশাল সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে বহুবার সংলাগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি না এসে হরতাল, অবরোধের মত কর্মসূচি দিয়েছেন। ৫ জানুয়ারিতে সকল দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। বিএনপি মনে করেছিল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। কিন্তু নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আজকে তারা এতিমের মত সংলাপের জন্য আওয়ামী লীগের দ্বারে দ্বারে ঘুরছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ২০১৯ সালের আগে আর কোন সংলাপ নয়। বেগম খালেদা জিয়া বলেন, আমরা মুক্তিযুদ্ধ করিনি। কিন্তু তিনি তখন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ক্যাম্পে থেকে আরাম আয়েশে থেকে দিন কাটিয়েছেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি, র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, ফয়জুল রহমান বাদল এমপি, অ্যাড. ফজিলাতুনন্নেছা বাপ্পী এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।