‘ভোঁতা অস্ত্র হরতাল দিয়ে কিছুই করতে পারবে না’

  
 
সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতাল এখন ভোঁতা অস্ত্র, বিএনপি এই অস্ত্র ‘হরতাল’ দিয়ে কিছু করতে পারবে না। কোন কাজ হবে না। হরতাল দিয়ে বিএনপির নেতারা শীতাতপ কক্ষে আরাম করবেন আর কর্মী, সমর্থক ও জনগণ সমর্থন দিবে। এটা কি করে হয়। মঙ্গলবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতুর কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 
পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পদ্মা সেতু এখন আর চ্যালেঞ্জ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় পদ্মা সেতু এখন দেশীয় অর্থায়নেই নির্মিত হচ্ছে। পদ্মা সেতু এখন আর অবাস্তব স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন দিবালোকের মত বাস্তবতা লাভ করেছে। সেতুকে ঘিরে এখন উভয় পারে চলছে বিশাল কর্মযজ্ঞ। এপার ওপার নিয়ে এখন অনেক কাজ চলছে পদ্মা সেতুর। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ অনেকদিন আগে থেকে পদ্মা সেতুর মালামাল আনতে শুরু করেছে। প্রতিনিয়তই পদ্মা সেতুর মালামাল আসছে। তিনটি দেশে পদ্মা সেতুর মালামাল তৈরি হচ্ছে। 
ওবায়দুল কাদের আরও বলেন, এ সেতুকে কেন্দ্র করে দেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠবে পদ্মা পারে। হংকংয়ের ন্যায় শহর হবে সেতুর প্রান্ত ঘিরে। ২০১৮ সালের মধ্যেই এ সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখে সন্তোশ প্রকাশ করেন। পরে মন্ত্রী লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ঘুরে দেখেন।