জাতিসংঘ মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। আগামী মাসে আন্তঃকোরীয় এ আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর সিনহুয়ার।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রো খিল জায়ে বলেন, তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং কিংবা সিউলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে আগ্রহী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ প্রস্তাবের প্রেক্ষিতে উত্তর কোরিয়াও সক্রিয় সাড়া দেবে আশা করি।
উত্তর কোরিয়ার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর কথা জানিয়ে রো বলেন, অভিন্ন যেকোনো বিষয়ে আমরা আলোচনা করতে আগ্রহী। অভিন্ন বিষয়সমূহের মধ্যে কোরীয় যুদ্ধে ভাগ হয়ে পড়া দেশ দুটির পরিবারের সদস্যদের পুনর্মিলন অন্যতম। যদিও মানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সাইবার লড়াই নিয়ে ব্যস্ত উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক এ প্রস্তাবের পর জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, তিনি আশা করেন যে উত্তর কোরীয় কর্তৃপক্ষ এটিকে ইতিবাচক হিসেবে দেখবেন এবং অবশ্যই সংলাপে বসবেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়ন ও আস্থা বৃদ্ধির এটিই একমাত্র উপায়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে উভয় দেশের মধ্যে সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠকের প্রেক্ষিতে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের মধ্যে ব্যতিক্রমী এক পুনর্মিলনীর আয়োজন করে।