১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশের জন্য সরকার থেকে টাকা নেয়া এবং অন্য কারও কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে না বলে দাবি করলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মঙ্গলবার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করে তিনি বলেছেন, ‘সরকার থেকে টাকা নিচ্ছি—কেউ এটি প্রমাণ করতে পারলে দলের মহাসচিব পদ ছেড়ে দেব। আমরা কারো কাছে হাত পাতছি না। দলীয় নেতা-কর্মীদের অর্থেই এই সমাবেশের আয়োজন।’
জাপা মহাসচিব বলেন, ‘আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। আমাদের অন্যরা চাঁদা দেবে কেন?’ তিনি বলেন, ‘রাজনীতিতে ছন্দপতন ঘটেছে। জাপা এখন আওয়ামী লীগ-বিএনপির সমকক্ষ। সে কারণে এবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছি। আওয়ামী লীগ-বিএনপি মহাসমাবেশ করলে তো কেউ তাদের খরচের উত্স নিয়ে প্রশ্নে তোলে না। জাপা উদার দল, সে কারণেই প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। আমাদের সমাবেশের আয়-ব্যয় স্বচ্ছ। আমরা নির্বাচন কমিশনে হিসাব দেব।’
মহাসমাবেশের দিনে জামায়াতের হরতাল প্রসঙ্গে বাবলু বলেন, ‘আমাদের সমাবেশের কর্মসূচি দেড় মাস আগে নেয়া। আমরা হরতাল আহ্বানকারীদের অনুরোধ করছি—তারা যেন ওই দিন হরতাল প্রত্যাহার করে নেন। প্রত্যাহার না করলেও সমাবেশ হবে। সমাবেশে রওশন এরশাদও থাকবেন।’
সংবাদ সম্মেলনে সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান ট্যাপা, মীর আব্দুস সবুর আসুদ, এস এম ফয়সল চিশতি, রেজাউল ইসলাম ভূঁইয়া, বাহাউদ্দিন আহমেদ বাবুল, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ইয়াহ্ইয়া চৌধুরী, দিদারুল আলম দিদার ও জহিরুল ইসলাম জহির প্রমুখ উপস্থিত ছিলেন।