ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানি-য়েছেন, জাভা সাগরে নিখোঁজ এয়ার এশিয়া বিমানের ধ্বংসাবশেষ এবং কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। তবে গতকাল মঙ্গলবার দেশটির নৌবাহিনী জানিয়েছিল জাভা সাগর থেকে অন্তত ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু পরে অনুসন্ধানকারী দলের প্রধান তিনজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসি ও রয়টার্সের।
সন্ধান অভিযানের প্রধান এক সংবাদ সম্মেলনে বিমানের টুকরো বলে যেগুলোকে সন্দেহ করা হচ্ছে তার ছবি দেখান, সেইসঙ্গে সাগরে ভেসে ওঠা একটি মৃতদেহের ছবি দেখে যাত্রীদের উত্কণ্ঠিত আত্মীয়রা দৃশ্যত ভেঙে পড়েন। ওই ছবি টিভিতে প্রচারিত হওয়ার পরই নৌবাহিনী জানায়, একটি রণতরী অন্তত ৪০টি মৃতদেহ উদ্ধার করেছে। সন্ধান ও উদ্ধার দলের একজন মুখপাত্র জানিয়েছেন, খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত রাখা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, লোকোবল ও সরঞ্জামসহ সবকিছু এখন ওই এলাকায় পাঠানো হচ্ছে এবং যা কিছু দেখা যাচ্ছে তা নিকটবর্তী সেন্ট্রাল কালিমাস্তান প্রদেশের পাংকালান বান শহরে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। বিমানের আরো বড় অংশ ওইখানে সমুদ্রের তলায় পড়ে আছে কিনা দেখার জন্য অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। স্থলে ও সাগরে ১৩টি এলাকা জুড়ে সন্ধান কাজ চলছে।