জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমানটির যাত্রীদের লাশ ইন্দোনেশিয়ার সুরাবায়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুইটি লাশ সেখানে পৌঁছেছে। বিমানবন্দরটিতে নিহত যাত্রীদের স্বজনরা লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।
লাশ সনাক্ত করতে সুবিধার জন্য অপেক্ষমাণ স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের বরাতে খবর দিয়েছে বিবিসি।
বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমান এয়ারবাস এ৩২০-২০০, ১৬২ জন আরোহীসহ গত রবিবার নিখোঁজ হয়। এর পর মঙ্গলবার বিমানটির ধ্বংসাবশেষ জাভা সাগরে খুঁজে উদ্ধারকারীরা। বিমানটির যাত্রীদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই ।