রাজধানীর পান্থপথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

 
 
 
রাজধানীর কারওয়ান ব‍াজার সংলগ্ন পান্থপথ মোড় এলাকায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মাসুদ (২৪)। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ মাসুদ ঝিনাইদহ জেলার কামাল উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর হাতিরপুলে ফ্রি স্কুল স্টিট-এর সামনে একটি বাসায় থাকতেন। বসুন্ধরা সিটির সামনে পান্থপথে কামাল ফার্নিচার নামে তার একটি দোকান আছে।
জানা গেছে, রাত ৮টার দিকে মাসুদ বাসা থেকে রিকশাযোগে কারওয়ান বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। এরপর তিনি আহত অবস্থায় পান্থপথে নিজ দোকানের সামনে ফিরে আসেন। তখন আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।