বঙ্গবন্ধু উপগ্রহের জন্য কক্ষপথ লিজ নেয়া হচ্ছে

দেশের প্রথম উপগ্রহ ‘বঙ্গবন্ধু’ উৎক্ষেপণ করতে রাশিয়া থেকে কক্ষপথ লিজ নেওয়া হবে। এ ব্যাপারে বুধবার সরকারের ক্রয়সংক্রান্ত কেবিনেট কমিটির (সিসিজিপি) বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ লিজের খরচ বাবদ বাংলাদেশ সরকার রাশিয়ার মহাকাশ যোগাযোগের আন্তর্জাতিক সংস্থা ইন্টারস্পুতনিককে ২৮ মিলিয়ন মার্কিন ডলার দিবে।

কেবিনেট বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খবর বাসসের।
উল্লেখ্য, এ বছরের ১৬ সেপ্টেম্বর একনেক ‘বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণ প্রকল্প’ অনুমোদন করে। এতে ব্যয় ধরা হয় ২৯৬৭.৯৫ কোটি টাকা।
২০১৭ সালের জুন মাস নাগাদ বিটিআরসি এই প্রকল্প বাস্তবায়ন করবে। উপগ্রহ উৎক্ষেপণ করা হলে সম্প্রচার ব্যয়ে বৈদেশিক মুদ্রায় প্রতিবছর প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উপগ্রহ উৎক্ষেপণে বাংলাদেশকে সহায়তা করবে আমেরিকার প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই)। জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য দুটি আর্থ স্টেশন স্থাপন করা হবে। একটি হবে গাজীপুরের জয়দেবপুরে এবং আরেকটি হবে রাঙামাটির বেতবুনিয়ায়।