ইয়েমেনে আত্মঘাতী হামলায় ৩৩ জন নিহত

ইয়েমেনের ইব প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। যদিও প্রদেশের পুলিশ মোবাইলে পাঠানো এক বার্তায় জানিয়েছে, নিহতের সংখ্যা ৩ জন এবং আহত হয়েছে ৩০ জন। গতকাল বুধবার ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ইব শহরের স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, নিহতরা শিয়াপন্থী মুসলমান বলে ধারণা করা হচ্ছে। আহতদের নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর একটি হাসপাতালের বাইরেও বিকট শব্দ শোনা গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তাত্ক্ষণিকভাবে এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে হামলার পেছনে ইয়েমেনের আল কায়েদা শাখার হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।