ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে বই বিতরণ উৎসব চলছে। নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সবগুলো স্কুলে একযোগে বিনামূল্যে পাঠ্য বিতরণ করা হচ্ছে।
এ বছর ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিণামূল্যে বিতরণ করার কথা রয়েছে।
এজন্য ছাপানো হয়েছে ৩৩ কোটি ৬২ লাখ ৯৬ হাজার ৯২৩টি পাঠ্যবই। এর মধ্যে রয়েছে প্রাথমিকের শিক্ষার্থীদের ১১ কোটি ৫০ লাখ বই।
এরই মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতোমধ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছে দিয়েছে।
এনসিটিবি জানায়, ২০১০ সাল থেকে চার বছরে শিক্ষার্থীদের ১২৪ কোটি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সর্বশেষ ২০১৪ সালে চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে ৩১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫২৬টি বই বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এই উৎসবের উদ্বোধন করেন।