তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি

আগামী ৯ই জানুয়ারি আম-বয়ানের মধ্যদিয়ে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহা সম্মেলন বিশ্ব ইজতেমা। ১১ই জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ১৬ থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত চলবে ২য় পর্ব। ইজতেমাকে সামনে রেখে টঙ্গির তুরাগ নদীর তীরে চলছে বয়ানের মঞ্চ তৈরিসহ বিভিন্ন কাজ। আর এসব কাজে অংশ নিচ্ছেন শত শত মুসুল্লিরা।
বিশ্বের শতাধিক দেশের মুসুল্লিদের অংশগ্রহণে ৯ই জানুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তিনদিনের বয়ান শেষে ১১ই জানুয়ারি হবে আখেরি মুনাজাত। তারপর চার দিনের বিরতির পর ১৬ই জানুয়ারি শুরু হবে ২য় পর্ব। চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত।
এবারের ইজতেমাতেও প্রথম দফায় ৩২টি এবং দ্বিতীয় দফায় বাকি ৩২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। লাখো মুসল্লির এই মহা সম্মেলনকে সফল করতে দুই সপ্তাহ ধরে চলছে ময়দানের প্রস্তুতি।
তুরাগ তীরে প্রায় ১৬৫ একর বিস্তৃত ময়দানের উত্তর-পশ্চিমে তৈরি হচ্ছে বয়ান মঞ্চ। আর বিদেশি অতিথীদের আবাসনের জন্য নির্ধারণ করা হয়েছে ময়দানের পশ্চিম প্রান্ত। এরি মধ্যে প্রায় শেষ হয়েছে তিনতলা দুইটি টয়লেটের কাজ। চলছে খালের উপরে ভাসমান সেতু নির্মাণ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে আসতে শুরু করেছেন শতশত মুসল্লিরা। ময়দান প্রস্তুতির যাবতীয় কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন তারা।
প্রতিবারের মতো এবারেও প্রায় ২০-২৫ হাজার বিদেশি মুসুল্লিরা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।