কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে এ পর্যন্ত পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিহত পাঁচজনের মধ্যে চারজনই পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সদস্য, আর অপরজন ভারতীয় সেনা সদস্য। বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোলাগুলি চলে বলে খবরে জানিয়েছে ডন ও আলজাজিরা।
গোলাগুলির পর দেশ দুইটির সীমান্তে টানটান উত্তেজনা চলছে।
হতাহতের জন্য ভারত ও পাকিস্তান পরস্পরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। ভারতের তরফ থেকে বলা হচ্ছে, পাকিস্তানী সীমান্তরক্ষীদের গুলিতে প্রথমে ভারতীয় একজন সেনাসদস্য নিহত হলে জবাবে তারা পাল্টা গুলি চালায়, আর এতেই অপর চার জনের হতাহতের ঘটনা ঘটে। অপর দিকে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে, প্রথমে বিএসএফের হামলায় তাদের চার জওয়ান নিহত হয়। এর পরই তারা পাল্টা গুলি চালালে ভারতীয় একজন নিহত হন।
পাকিস্তান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে। উভয় দেশের সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি হয় ২০০৩ সালে। কিন্তু এরপরও এই চুক্তিভঙ্গ করে সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, বিবিসি ও ডন