মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ হয়েছেন আরো ৮ জন। এছাড়া ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
পুলিশ বুধবার জানায়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেলানটানে ১৪ জনের প্রাণহানি ও প্রায় ১ লাখ ৫৮ হাজার ৪শ’ ৭৬ জন বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া তেরেংগানু রাজ্যে ৪ জন ও পাহাং রাজ্যে তিন জনের প্রাণহানি হয়েছে। এসব এলাকায় সর্দি-কাশি ও ডায়রিয়ার প্রকোপেরও খবর পাওয়া গেছে।
পাহাং, পেরাক, তেরেংগানু ও জোহোর রাজ্য থেকে মোট ৮৩ হাজার ৫শ’ ৭০ জন বাস্তুচ্যুত হয়েছে।
আবহাওয়াবিদরা বুধবার পরবর্তী তিন দিন আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দিয়েছেন।
আবাহওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘আগামী মার্চ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। সপ্তাহের শেষ দিকে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে।’
অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও ওইসব এলাকায় সম্ভাব্য রোগ বালাইয়ের বিস্তার ঘটতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আব্দুল্লাহ বলেন, এই মুহূর্তে বন্যা সংশ্লিষ্ট রোগ বালাইয়ের খুব একটা বিস্তার ঘটেনি।
মালয়েশিয়ান ওয়েলনেস সোসাইটির প্রেসিডেন্ট রাজবংশ সিং বার্তা সংস্থা এএফপি’কে বলেন, বন্যার কারণে টাইফয়েড জ্বর, কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর বিস্তার ঘটতে পারে।
বন্যার কারণে অনেকে এখনও আটকা পড়ে রয়েছে এবং তারা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। এদিকে এ নিয়ে সরকারের ঢিলেঢালা উদ্যোগের কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, বন্যার ঘটনায় তিনি দুঃখিত। অপরদিকে দেশটিতে বন্যার সময় হাওয়াইতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে রাজাকের গলফ খেলার ছবি প্রকাশিত হওয়ার পর তিনি সমালোচনার মুখে পড়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আমি খুব দুঃখ ও কষ্ট পেয়েছি। -এএফপি